
জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম। সমাবেশ থেকে সরকারকে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানায় দলটি। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে দলটির নেতারা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি ও নিত্যপণ্যের সংকট মোকাবিলার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে মানুষের দুর্ভোগ কমেনি।
সমাবেশে সুব্রত চৌধুরী বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম কমাতে প্রয়োজন হলে কমিশন গঠন করে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা নেওয়া উচিত। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে হত্যা, সহিংসতা ও বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। পুলিশ ও র্যাব সদস্যদের ওপর হামলা, বাড়িতে হামলা এবং শিক্ষক হত্যার মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। তিনি এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতি পরিষদের সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মফিজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন রওশন ইয়াজদানী।





