
নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতে সুবিধার জন্য পিংক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা করা হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপির সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এছাড়া, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগের কথাও বৈঠকে জানানো হয়। নতুন যেসব প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতে সড়ককে সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




