
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত র্যালি, শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো.শওকত আলী।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে মহানগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠেয় ধর্মীয় অনুষ্ঠান, শোভাযাত্রা ও র্যালিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত এবং ধর্মপ্রাণ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উৎসবকে ঘিরে মহানগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।





